আজহারীর মাহফিল ঘিরে নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমার চক্রের ৬৫ নারী সদস্যকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। দেশের বিভিন্ন স্থান থেকে তারা মাহফিলস্থলে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল।

অভিযানকালে সন্দেহজনক ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ৬৫ নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এই তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। 


রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।