ডাকসুর সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি, কে ছিলেন তিনি, কীভাবে নিহত হন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের পর সেখানে ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি যুক্ত করা হয়েছে। রাখা হয়েছে তাঁর জীবদ্দশার একটি ছবি এবং মৃত্যুর পরের একটি ছবিও। এর মধ্য দিয়ে ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষানীতি নিয়ে সংঘর্ষ, আব্দুল মালেকের আহত হওয়া ও পরবর্তী মৃত্যুর ঘটনা আবারও আলোচনায় এসেছে।

সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবির নিচে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, “শিক্ষা সেমিনারে বক্তব্য দেওয়া শেষে ফেরার পথে বিরোধীদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।”

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ১৪ সেপ্টেম্বর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেসব ব্যক্তি ও শিক্ষার্থী সামষ্টিক সহিংসতার শিকার হয়েছেন, তাঁদের ইতিহাস সংগ্রহশালায় তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, এটি ইতিহাসের প্রতি দায়।

তবে আব্দুল মালেককে ঠিক কারা প্রাণঘাতী আঘাত করেছিল, সে বিষয়ে সমসাময়িক সংবাদপত্রের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম পাওয়া যায় না। পরবর্তী সময়ে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনায় ঘটনাটিকে বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। ফলে তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষের বর্ণনায় পার্থক্য রয়েছে।

কে ছিলেন আব্দুল মালেক

ছাত্রশিবিরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আব্দুল মালেকের বাড়ি ছিল বগুড়ায়। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে ভর্তি হন এবং ফজলুল হক মুসলিম হলে থাকতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ইসলামী ছাত্রসংঘের সঙ্গে যুক্ত হন।

তৎকালীন ইসলামী ছাত্রসংঘ ছিল জামায়াতে ইসলামী পাকিস্তানের অনুসারী ছাত্রসংগঠন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠনটির ভূমিকা এবং পরবর্তী সময়ে এর নেতা-কর্মীদের একটি অংশের আলবদরের সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায়।

স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞার কারণে ইসলামী ছাত্রসংঘের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের আমলে ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জামায়াতে ইসলামী পুনর্গঠিত হয় এবং ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন মহলে ছাত্রশিবিরকে ইসলামী ছাত্রসংঘের উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হলেও ছাত্রশিবির নিজে এই পরিচয় স্বীকার করে না।

যে শিক্ষানীতি ঘিরে সংঘর্ষ

আব্দুল মালেকের মৃত্যুর ঘটনা বুঝতে হলে ফিরে যেতে হয় ১৯৬৯ সালের রাজনৈতিক ও শিক্ষাবিষয়ক উত্তপ্ত পরিস্থিতিতে।

তখন পাকিস্তানে আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠেছিল। পূর্ব পাকিস্তানে ছাত্রদের ১১ দফা আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন একপর্যায়ে গণ-অভ্যুত্থানের রূপ নেয়। আইয়ুব খান ক্ষমতা ছাড়ার পর ইয়াহিয়া খান রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং দেশে আবার সামরিক শাসন জারি হয়।

এরই মধ্যে পাকিস্তান সরকার শিক্ষাব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেয়। এয়ার মার্শাল এম নূর খানের নেতৃত্বে নতুন শিক্ষানীতির প্রস্তাব তৈরি করা হয়। ১৯৬৯ সালের জুলাইয়ে ‘প্রপোজালস ফর আ নিউ এডুকেশনাল পলিসি’ নামে প্রস্তাবটি প্রকাশ করা হয়।

প্রস্তাবে শিক্ষার সুযোগ বাড়ানো, ঝরে পড়া কমানো, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষক প্রশিক্ষণ, উচ্চশিক্ষায় গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের মতো বিষয় ছিল। তবে শিক্ষাব্যবস্থার আদর্শিক ভিত্তি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়।

প্রস্তাবে পাকিস্তানের শিক্ষাব্যবস্থাকে ইসলামের ধারণা ও নীতির ভিত্তিতে পরিচালনার কথা বলা হয়। পাকিস্তানের প্রতি আনুগত্য এবং অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণি পর্যন্ত ইসলামিয়াত বা দ্বীনিয়াত বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল।

এই অবস্থানের বিপরীতে তৎকালীন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের বিভিন্ন অংশ এবং বাম ও প্রগতিশীল ছাত্রগোষ্ঠীগুলো গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও মাতৃভাষাভিত্তিক শিক্ষার ওপর জোর দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের বিষয়টিও তাদের দাবির মধ্যে ছিল।

ফলে শিক্ষানীতি নিয়ে বিতর্ক কেবল শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এর সঙ্গে ধর্ম, ভাষা, জাতীয় পরিচয় এবং পাকিস্তানি রাষ্ট্রচিন্তার প্রশ্নও যুক্ত হয়ে যায়।

১২ আগস্টের সেই আলোচনা সভা

১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ডাকসুর উদ্যোগে শিক্ষানীতি নিয়ে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তৎকালীন ডাকসুর সহসভাপতি (ভিপি) তোফায়েল আহমেদ।

ড. মোহাম্মদ হাননানের ‘বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস (১৮৩০-১৯৭১)’ বইয়ে ওই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে।

বইটির বর্ণনা অনুযায়ী, সভায় প্রথমে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন (মতিয়া)-এর সভাপতি সামসুদ্দোহা। তিনি ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তাঁর বক্তব্যের একপর্যায়ে ইসলামী ছাত্রসংঘের একদল কর্মী সভাকক্ষে প্রবেশ করে হট্টগোল শুরু করেন এবং ইসলামি শিক্ষাব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ইসলামী ছাত্রসংঘের কয়েকজন কর্মী মঞ্চেও উঠে পড়েন। ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ মাইকে বারবার সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বইটির বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে ইসলামী ছাত্রসংঘের একদল কর্মী লাঠিসোঁটা নিয়ে সভাকক্ষে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ সভাস্থলের বাইরে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুল মালেক

সমসাময়িক সংবাদপত্রের প্রতিবেদন এবং ড. মোহাম্মদ হাননানের বইয়ের বর্ণনা অনুযায়ী, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে আব্দুল মালেকের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর।

মোহাম্মদ হাননানের বর্ণনায়, তৎকালীন ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা সংঘর্ষে বাধা দিতে এগিয়ে আসেন। পরে ছাত্রসংঘের কর্মীরা রেসকোর্স ময়দানের দিকে সরে যান। সংঘর্ষে আব্দুল মালেক ছাড়াও আলিয়া মাদ্রাসার ছাত্র ইদ্রিস আলী এবং ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম বাচ্চু গুরুতর আহত হন।

অন্যদিকে ১৩ আগস্ট ১৯৬৯-এর দৈনিক আজাদের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের পর কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁদের মধ্যে মালেকের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। প্রতিবেদনে সংঘর্ষের সময় চেয়ার, টেবিল ও ভাঙা কাঠ দিয়ে আঘাতের কথাও উল্লেখ করা হয়। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া রেসকোর্স ময়দান পর্যন্ত গড়ায়।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই সমসাময়িক প্রতিবেদনে আব্দুল মালেককে কে বা কারা সরাসরি আঘাত করেছিলেন, তাঁদের নাম উল্লেখ করা হয়নি।

তিন দিন চিকিৎসার পর মৃত্যু

সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর আব্দুল মালেককে হাসপাতালে ভর্তি করা হয়। দৈনিক আজাদের ১৩ আগস্টের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, তাঁর অবস্থা ছিল গুরুতর।

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯৬৯ সালের ১৫ আগস্ট আব্দুল মালেক মারা যান। তাঁর বয়স হয়েছিল ২২ বছর।

তাঁর মৃত্যুর পর তৎকালীন বিভিন্ন ছাত্রনেতা ও ডাকসুর পক্ষ থেকে শোক জানানো হয়। ১৭ আগস্ট ছয় ছাত্রনেতা—মোস্তফা জামাল হায়দার, মাহবুবউল্লাহ, সামসুদ্দোহা, নুরুল ইসলাম, তোফায়েল আহমেদ এবং আ স ম আবদুর রব—এক বিবৃতিতে আব্দুল মালেকের মৃত্যুতে শোক জানান।

তাঁদের বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ মহলের ইঙ্গিতে কিছুসংখ্যক ছাত্র গোলযোগ সৃষ্টি করায় এর দুঃখজনক পরিণতি হিসেবে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। ডাকসুর পক্ষ থেকেও শোক জানানো হয়।

ড. মোহাম্মদ হাননানের বইয়ে আরও উল্লেখ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানও আব্দুল মালেকের মৃত্যুতে শোকবাণী দিয়েছিলেন এবং আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছিল।

তাঁকে কারা হত্যা করেছিল?

আব্দুল মালেকের মৃত্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো—তাঁকে কারা আঘাত করেছিল?

সমসাময়িক দৈনিক আজাদের প্রতিবেদনে সংঘর্ষ, আহত হওয়া এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর কথা থাকলেও তাঁকে সরাসরি কে বা কারা প্রাণঘাতী আঘাত করেছিল, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

অন্যদিকে ছাত্রশিবিরের ওয়েবসাইটে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষাব্যবস্থার পক্ষে বক্তব্য দেওয়ার পর বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের হামলায় আব্দুল মালেক গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অর্থাৎ, ঘটনাটি যে সংঘর্ষের সঙ্গে যুক্ত এবং সেই সংঘর্ষে আব্দুল মালেক গুরুতর আহত হয়ে পরে মারা যান—এ বিষয়ে বিভিন্ন সূত্রে মিল রয়েছে। কিন্তু তাঁকে সরাসরি কার আঘাতে প্রাণ হারাতে হয়েছিল, তা নিয়ে সমসাময়িক সংবাদপত্রের প্রতিবেদনে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। এই পার্থক্যটি আব্দুল মালেকের মৃত্যুর ইতিহাস নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ।

মৃত্যুর পর আব্দুল মালেককে ঘিরে তৈরি হয় আলাদা স্মৃতি

আব্দুল মালেকের মৃত্যুর পর ইসলামী ছাত্রসংঘ তাঁকে ইসলামি শিক্ষাব্যবস্থার পক্ষে আন্দোলনের শহীদ হিসেবে স্মরণ করতে শুরু করে। পরবর্তী সময়ে ইসলামী ছাত্রশিবিরও তাঁর স্মৃতিকে নিজেদের রাজনৈতিক ও আদর্শিক ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরে।

ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনায় ১৫ আগস্টকে ‘ইসলামী শিক্ষা দিবস’ হিসেবে পালনের কথাও উল্লেখ রয়েছে। ফলে আব্দুল মালেকের মৃত্যুর ঘটনা শুধু ১৯৬৯ সালের একটি ছাত্রসংঘর্ষের ইতিহাসে সীমাবদ্ধ থাকেনি; পরবর্তী সময়ে এটি ইসলামি শিক্ষাব্যবস্থার পক্ষে আন্দোলনের একটি প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে।

কেন আবার আলোচনায় আব্দুল মালেক

প্রায় ৫৭ বছর পর ডাকসুর সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি যুক্ত হওয়ায় তাঁর পরিচয় ও মৃত্যুর ইতিহাস আবারও সামনে এসেছে।

সংগ্রহশালা সংস্কারের পর সেখানে ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তি, আন্দোলন ও ঘটনার ছবি ও নিদর্শনের বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবিও যুক্ত করা হয়েছে এবং আগের প্রদর্শনী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি একক ছবি বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদন এসেছে।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত ব্যক্তি ও ঘটনাগুলো তুলে ধরার উদ্দেশ্যেই সংগ্রহশালার বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের সংঘর্ষে নিহত আব্দুল মালেকের ছবিও সেখানে স্থান পেয়েছে।

আব্দুল মালেকের ছবি যুক্ত হওয়ার ফলে মূলত তিনটি বিষয় আবার সামনে এসেছে—১৯৬৯ সালের শিক্ষানীতি নিয়ে ছাত্ররাজনীতির তীব্র বিভাজন, সেই বিতর্ককে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং সংঘর্ষে আহত হয়ে ২২ বছর বয়সে তাঁর মৃত্যু।

তবে তাঁর মৃত্যুর ঘটনায় সরাসরি কার আঘাতে তিনি মারা যান, সে বিষয়ে সমসাময়িক সূত্রে সুনির্দিষ্ট তথ্য না থাকায় বিষয়টি এখনো ইতিহাসের বিতর্কিত অংশ হিসেবেই রয়ে গেছে।