সাজেক সংঘর্ষের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :
 রাঙামাটির সাজেকে অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

'ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ'-এর ডাকে ভোর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙামাটির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর থেকেই অবরোধের সমর্থনে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ছাড়া খাগড়াছড়ি পৌর শহরের চেঙ্গী ব্রিজ এলাকায় অবরোধকারীরা দুই দফায় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। 

অবরোধের কারণে সকাল থেকে খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ রুটের কোনো যাত্রীবাহী পরিবহন ছেড়ে যায়নি। তবে জেলা শহরের ভেতরে হালকা ও জরুরি যানবাহন চলাচল তুলনামূলক স্বাভাবিক রয়েছে।

অবরোধের কারণে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা পর্যটকবাহী ও সাধারণ নৈশকোচসহ পণ্যবাহী ট্রাকগুলো ভোরের দিকে খাগড়াছড়ির প্রবেশমুখের বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে আটকা থাকে। 

পরবর্তীতে সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ পাহারায় ও এসকোর্টে যানবাহনগুলো নিরাপদে জেলা সদরে পৌঁছাতে সক্ষম হয়। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা এড়াতে জেলা সদরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।