দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি মো. আসাদুজ্জামান (৩১)। তাঁর মৃত্যুর পর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আসাদুজ্জামানের অবসরের বয়স পর্যন্ত আগামী ২৯ বছর তাঁর পরিবারকে নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রেনাটা।

গত ১৯ আগস্ট মৌলভীবাজারে কর্মরত অবস্থায় কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন আসাদুজ্জামান। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন শিশুসন্তান।

রেনাটার পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদুজ্জামান বেঁচে থাকলে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারতেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁর পরিবারকে আগামী ২৯ বছর মাসিক বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের মতো তাঁর বেতনও প্রতিবছর বৃদ্ধি পাবে এবং পরিবার পাবে বার্ষিক বোনাস ও অন্যান্য ভাতার সুবিধা।

আসাদুজ্জামানের জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন প্রথম এই ঘোষণা দেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

রেনাটার মানবসম্পদ বিভাগের প্রধান নিসবাত আনোয়ার জানিয়েছেন, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর নজির প্রতিষ্ঠানটির আগে থেকেই রয়েছে। এর আগেও এমন ঘটনায় কয়েকজন কর্মীর পরিবারকে নিয়মিত বেতন দেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্মীদের নিয়েই একটি প্রতিষ্ঠান বড় হয়। তাই একজন কর্মীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাঁর পরিবারের পাশে থাকার দায়িত্বও প্রতিষ্ঠানের রয়েছে।